নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনশ ফিটের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপ শহরের ৩০০ ফিট সড়কের ভুঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ।
নিহতরা হলেন,আব্দুর রউফ ও শিপন ।
নিহতদের বন্ধু রাকিব জানান, রউফ ও শিপনের যমুনা ফিউচার পার্ক মার্কেটে মোবাইল ফোনের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ৬টি মোটরসাইকেলে ঢাকা থেকে ৩০০ ফিট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তারা পূর্বাচল ৩নং সেক্টরের ভুঁইয়া বাড়ি ব্রিজে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তারা নিহত হন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।










