প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জনসভায় ভাষণ এবং একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন। সকাল ১০টা ৩০ মিনিটে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন।

এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দিনের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হবে।

বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন।

দিনশেষে কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।