কুমিল্লায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিতে করেছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৮ জন, বুড়িচংয়ে ৩ জন, দেবিদ্বারে ১ জন, নাঙ্গলকোটে ২ জন, মুরাদনগরে ১ জন, সদর দক্ষিণে ১ জন এবং দাউদকান্দিতে ১ জকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কুমিল্লা মহানগরীর ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন তপন এবং রনি।

বুড়িচংয়ে গ্রেফতারকৃত তিনজন হলেন, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, উপজেলার আ. লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।

এ ছাড়াও পুলিশের পৃথক অভিযানে দেবিদ্বার উপজেলার ছাত্রলীগ নেতা মো. নাবির হোসেন, মুরাদনগরের সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাবু, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ এবং দাউদকান্দির এক আ. লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।