যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ায় উভয় দেশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজ দেয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, এ ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ প্রশংসার দাবিদার এবং বাংলাদেশ আশা করে যে চুক্তি দীর্ঘস্থায়ী ও টেকসই হবে।

বাংলাদেশ ধারাবাহিকভাবে সংঘাত নিরসনে আলোচনা ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছিল বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আরো বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশ আলোচনা ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করতে উৎসাহ দেয় এবং আঞ্চলিক শান্তি, শৃঙ্খল ও সহযোগিতা দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা রাখে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান। পাল্টা হামলায় ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় থাকা মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করে তেহরান। একই সঙ্গে দেশটি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিলে তার প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতিতে।