টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিএনজি চালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি চালিত অটোরিকশা করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমরে মুচড়ে যায়। পরে স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। আর গুরুতর আহতাবস্থায় প্রদীপ পালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি উদ্ধার করা হয়। নিহত দুজনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।