ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের কলুপাড়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন সুজন (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ইসমাইল হোসেন। গতকাল সকালে ওই বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার পদে কর্মরত ছিলেন।

মধুহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সকালে ইসমাইল হোসেনের মা রহিমা খাতুন তাকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।