এদের মধ্যে চুয়াডাঙ্গা ও মুন্সিগঞ্জে দুজন করে এবং মেহেরপুর ও ঝিনাইদহে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

চুয়াডাঙ্গা: জেলার ঘোষনগর ও মদনা গ্রামে বজ্রপাতে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহতরা হলেন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মরহুম রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫) ও দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আজিমুদ্দিন (১৫)।

মুন্সিগঞ্জ: জেলার টঙ্গিবাড়ীতে জমিতে গরু আনতে গিয়ে একজন ও ফুটবল খেলার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার ফজুশাহ এবং দিঘিরপাড় এলাকায় এ বজ্রাঘাতের ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, উপজেলার আঁড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রিজান ঢালী (১৬)। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।

ঝিনাইদহ: জেলার মহেশপুরে বজ্রপাতে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মিজানুর রহমান পিলুর স্ত্রী। পুলিশ ও গৃহবধূর স্বজনরা জানান, দুপুরে ঝড়বৃষ্টির মধ্যে রোজিনা গরুকে খাবার দিতে গোয়ালঘরে গেলে পাশের একটি নারকেল গাছে বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামে বজ্রপাতে গতকাল জার্জিস রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জার্জিস রহমান ওই গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জার্জিস রহমান নিজ জমিতে কলার বাগানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ জানান, হাসপাতালে আনার আগেই জার্জিস রহমানের মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।