খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ ডিসেম্বর) চারটি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন খুলনার দুটি আদালত।
খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আলতাফ মাহমুদ জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার সালাম মুর্শেদীকে আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। জনতা সালাম মুর্শেদীকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেয়। তার অনুসারী এবং বিরোধীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়।
উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছিল র্যাব। চারটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যা নিয়ে বিচারকাজ চলছে।










