লক্ষ্মীপুরের কমলনগরে ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের নদী তীর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও ভেঙে যাওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল সকালে উপজেলার চর ফলকনের লুধুয়া ও মাতাব্বরহাট মধ্যবর্তী বেড়িবাঁধে এ মানববন্ধনের আয়োজন করে নদী তীর রক্ষা বাঁধ নিয়ে আন্দোলনরত সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ।

মঞ্চের উদ্যোক্তা ইমরান হোসেন শাকিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক আবদুস সাত্তার পালোয়ান, মঞ্চের সংগঠক আফজাল হোসেন অনিক, ওমর ফারুক প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘ঠিকাদারের নিম্নমানের কাজের ফলে বেড়িবাঁধ ভেঙে গেছে। খাল কেটে বাঁধ নির্মাণের ফলে আরো কয়েকটি খালের সৃষ্টি হয়েছে। এতে কৃষকের ফসলি জমি যেমন ভেঙে গেছে, তেমনি বাড়ি-ঘর, রাস্তাঘাট ভেঙে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।’

মানববন্ধনে অংশ নেন ভাঙনকবলিত এলাকার শত শত নারী-পুরুষ ও সংগঠনের সদস্যরা।

সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তার পালোয়ান বক্তব্যে বলেন, ‘যাচ্ছেতাইভাবে কমলনগরে মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। কেউ নেই বাঁধ দেখাশোনার। জেলেরা নৌকা নোঙর করে বাঁধের জিওব্যাগগুলো নষ্ট করে ফেলছে। অনেকেই সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ জিওব্যাগে ফেলায় কোটি কোটি টাকার জিওব্যাগ নষ্ট হয়ে গেছে। কোনো তদারকি নেই, ঠিকাদাররা ছেলেখেলার মতো কাজগুলো করছে। সমন্বয়হীন কাজের কারণে বাঁধ টেকসই হচ্ছে না। জিওব্যাগ ডাম্পিংয়ের সঙ্গে সঙ্গে বেড়িবাঁধ দেয়া, তার সঙ্গে সঙ্গে ব্লক দেয়ার কাজ হচ্ছে না। এতে বেড়িবাঁধ মজবুত হচ্ছে না।