দেশের মন্থর অর্থনীতি সচল করা প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ সময় পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, অর্থের অপচয় বন্ধ করতে হবে। জনসম্পৃক্ত ও বিনিয়োগ বৃদ্ধির প্রকল্প অগ্রাধিকার দেয়া হবে। মেগা প্রকল্পের অর্থ বরাদ্দের বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরো বলেন, রেল ও রোড থেকে এখন স্বাস্থ্য, শিক্ষায় বরাদ্দ বাড়ানো হবে। জাতি গঠনে এটা কাজে দেবে। জলবায়ু পরিবর্তনের নামে অনেক অর্থ বরাদ্দ হয়েছে কিন্তু এখানে কিছু অপব্যবহারও হচ্ছে। প্রকল্পের সমন্বয়হীনতা একটি বড় সমস্যা; এটা নিশ্চিত করা হবে।

মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছিল। এখন পণ্য সরবরাহ স্বাভাবিক হচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে।

বিবিএসের বিষয়ে তিনি বলেন, তথ্য সঠিকভাবে সংগ্রহ করা হবে এবং সময়মতো তা প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি বাড়িয়ে বা কমিয়ে দেখানো হবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার একটি বড় ব্যাপার। অনেক বেশি সময় হয়তো পাওয়া যাবে না। কিন্তু প্রয়োজনীয় কিছু মেরামতের কার্যক্রম করা হবে। ব্যবসায়ী, ব্যাংক এবং বিভিন্ন অংশীদারদের সঙ্গে আমরা বসেছি এবং বসবো। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার মূল কাজ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর্থিক খাত সংস্কারের আমার একটি পরিকল্পনা আছে তবে এখনই তা আপনাদের বলছি না। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আমরা বসে আলোচনা করে কথা বলব।