যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের মূলধারার ব‍্যবসায়ীরা বৈঠকে অংশ নেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার ধারাবাহিকতায়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনআস্থা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত কার্যকর ও উপযোগী দেশ।

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগ চলমান রয়েছে। বিনিয়োগকারীদের জন্য জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হচ্ছে।