সিলেটে হূদরোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। যথাসময়ে চিকিৎসা না পেয়ে এদের অনেকেই এক বছর বয়সের আগেই মারা যায়। এর মধ্যে দরিদ্র অভিভাবক বেশি বেকায়দায়। তারা ওসমানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা না পেয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে শিশুদের নিয়ে ছোটাছুটি করেন। এমন পরিস্থিতিতে সিলেট বিভাগের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হলো ‘শিশু হূদরোগ’
ইউনিট। ১০ শয্যার এ ওয়ার্ডে এখন থেকে হূদরোগে আক্রান্ত শিশুরা সেবা পাবে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে,
প্রতিদিন সরকারি-বেসরকারি হাসপাতালে ব্যাপক হারে হূদরোগে আক্রান্ত শিশু রোগীর দেখা মিলছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডেও তারা বিচ্ছিন্নভাবে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছে। এখন থেকে সিলেট বিভাগের সেই রোগীরা নির্দিষ্ট একটি স্থানে এসে চিকিৎসা নিতে পারবে। এক্ষেত্রে বেশি উপকৃত হবে গরিব অসহায় পরিবারের শিশুরা। এছাড়া রোগীর সংখ্যাও নির্ণয় করা যাবে।
জানা যায়, হূদরোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচার বেশ জটিল হওয়ায় সরকারি বেশির ভাগ হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয় না। সরকারি জেলা হাসপাতালগুলোয় এ বিষয়ে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জন্মগত হূদরোগে মারা যাচ্ছে অসংখ্য শিশু। বর্তমানে ওসমানীতে নতুন শিশু হূদরোগ ইউনিট খোলার মধ্য দিয়ে সিলেটে সে সংখ্যা কমে আসবে বলে মনে করছেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা।










