এরই মধ্যে বগুড়ায় চার হাজার লিটার, চুয়াডাঙ্গায় ৭৯৫ ও বরিশালের বাবুগঞ্জে ২ হাজার ৩০০ লিটার জ্বালানি জব্দ করেছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

বগুড়া: জেলার সারিয়াকান্দি উপজেলার টিপুর মোড়ে অনুমোদনবিহীন লোপা এন্টারপ্রাইজ নামের তেল বিক্রির প্রতিষ্ঠান থেকে প্রায় চার হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বরিশাল: জেলার বাবুগঞ্জে জ্বালানি, ভোজ্যতেল ও এলপি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এ তথ্য জানান।