দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিপ্রতি কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম সমন্বয়ক করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৩৯ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২১ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এবার একই পরিমাণ দাম কমাল।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৬ দফা বাড়ানো হয়েছে ও কমানো হয়েছে ৩২ দফা।