চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা ও সক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার জট নিরসন এবং অখালাস করা পণ্যের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মে মাসজুড়ে ই-অকশন পদ্ধতিতে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ (নং-৮২/২০২৫/কাস্টমস) অনুযায়ী ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, ফেব্রিকস, গৃহস্থালি সামগ্রী ও এসি পার্টস। এ নিলামে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ (নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩) অনুসারে ‘ই-অকশন-৫/২০২৬-এ ১৭টি লটে ৬০ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। এতে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি ও লবণসহ বিভিন্ন পণ্য রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। মে মাসজুড়ে আগ্রহী বিডাররা সরেজমিনে পণ্য পরিদর্শনের পাশাপাশি অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। এজন্য বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করতে হবে। জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।
আগামী ১৪ মে দুপুর ৩টায় ‘ই-অকশন-৫/২০২৬’ এবং ৯ জুন সকাল ১১টায় ‘ই-অকশন-৪/২০২৬’-এর দরপত্র বাক্স খোলা হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাস নিতে হবে।
বন্দরের কন্টেইনার জট কমাতে এ ধরনের নিলাম কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।










