দেশে গ্যাসের চাহিদা পূরণে এবার পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড। এ উপলক্ষে গতকাল বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপে ওয়ার্কওভারের উদ্বোধন করা হয়েছে। গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার শেষ করে এ কূপের ওপরের স্তর থেকে প্রতিদিন ৭-১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর প্রায় ১৮ বছর ১ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়েছে। এরপর গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়েছে। ২০১৭ সাল থেকে গ্যাস উত্তোলন বন্ধ থাকলেও গতকাল আবার নতুন স্তর থেকে গ্যাসের জন্য ড্রিলিং শুরু করা হয়েছে। দেশের ক্রমবর্ধমান গ্যাস সংকট নিরসনে পরিত্যক্ত গ্যাসকূপ থেকে পুনরায় গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে বিয়ানীবাজারে পরিত্যক্ত এ কূপ ছাড়াও দেশের অন্যান্য স্থানে কূপ খনন কার্যক্রম পরিচালনা করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশনের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন বিয়ানীবাজার দেশের ২৮তম গ্যাসক্ষেত্র। আমরা এখানকার একটি কূপ খনন করেছি। আগামী মাস থেকে গ্যাস ক্ষেত্রের প্রসারতা অনুমান করা যাবে। গ্যাস মূল্যায়ন করা যাবে। আরো দুটি বা তিনটি কূপ খনন করা যায় কিনা দেখা যাবে।










