নারায়ণগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহক। আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের দাবিতে গতকাল সকালে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস অফিস ঘেরাও করে আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি সংগঠন।
এ সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সকাল থেকে রাত ১২টা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। গভীর রাতে আসে আবার ভোরের আগেই চলে যায়। কিন্তু আমরা গ্যাস না পেয়ে মাসের পর মাস বিল পরিশোধ করে আসছি। গ্যাসের অভাবে রান্না না হওয়ায় সকাল বেলা আমাদের সন্তানরা না খেয়ে স্কুলে যাচ্ছে। এভাবে চলতে পারে না। আজকের এ বিক্ষোভ ওয়ার্মআপ মাত্র। এর পরও যদি গ্যাসের চাপ না আসে তবে বিল দেয়া বন্ধ করে দেব। প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হক, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাছুম, সহ সম্পাদক পপি রানী সরকার, খোদেজা নাসরিন প্রমুখ।










