চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ধোপাপুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, বিশেষ অভিযান পরিচালনা করে গিয়াস উদ্দিন আজাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ দুটি বিস্ফোরক ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।