লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা বিক্রি ও পরিবহনের দায়ে সাত ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এ সময় জব্দকৃত ২০ মণ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। গতকাল সকালে রামগতি উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম শান্তুনু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান ও কোস্টগার্ড কমান্ডার মো. মহসিন।

উপজেলা প্রশাসন জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকায় জাটকা বিক্রি ও পরিবহনের গোপন খবরে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় ২০ মণ জাটকাসহ সাত ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইনে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

স্কুল ভবনের উদ্বোধন : লক্ষ্মীপুরে ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের চার তলাবিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, আইনজীবী কামরুল হোসেন কিরন, সদর থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, এমরান হোসেন নান্নু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, নুর আলম মোহন, সৌরভ হোসেন বিনু প্রমুখ।