ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুর শাহ পীর কল্লা শহীদ (র.) মাজারের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার খরমপুর শাহ পীর কল্লা শহীদ (র.) মাজারের পূর্ব পাশের ওয়াকফ এসেস্টের মোছাফিরখানার পূর্ব পাশে এই ঘটনা ঘটে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মাজারের লোকদের মাধ্যমে খবর পেয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর মরদেহটি দাফন করবে।