বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা সরকারকে কোনো অশুভ শক্তি রক্ষা করতে পারবে না। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে তরুণ সমাজ জেগে উঠেছে। তারুণ্যের যে রোডমার্চ শুরু হয়েছে তা সরকার পতনের মধ্য দিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের তারুণ্যের রোড মার্চে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের আন্দোলন ডু অর ডাই। হয় বাঁচব, না হয় মরে যাব। আমাদের প্রস্তুত থাকতে হবে। এ সময় আন্দোলনের ফসল ঘরে না তোলা পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও রোডমার্চের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে অগণতান্ত্রিক শক্তি দাঁড়িয়েছে তারা জনগণের সামনে টিকে থাকতে পারবে না। দেশের মালিকানা নিয়ে দেশের মানুষ বাড়ি ফিরবে। গায়েবি মামলা, গ্রেফতার, গুম, খুন আর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে রক্ষা হবে না। অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না। নির্বাচনের কোনো পরিবেশ নেই। নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।