গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় রাঙ্গা মিয়া (৫০) ও গোফফার মিয়া (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন রাখু মিয়া (৪০) ।

আজ বুধবার (২৬ জুলাই) সকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারে ও পলাশবাড়ীর ব্র্যাক মোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত রাঙ্গা মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। গোফফার মিয়া পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাঙ্গা মিয়া মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে একাডেমি বাজারে যাওয়ার সময় দ্রুতগামী আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় রাঙ্গা মিয়া ও রাখু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাঙ্গা মিয়াকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রাখু মিয়া ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রজব আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, কঞ্চিপাড়ায় সড়ক দুর্ঘটনায় রাঙ্গা মিয়া নামের একজন নিহত হয়েছেন।

এদিকে পলাশবাড়ী পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে ব্র্যাক মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় কৃষক গোফফার মিয়া (৫৫) নিহত হন। খেতের সবজি বিক্রি করতে পলাশবাড়ী হাটের দিকে যাচ্ছিলেন তিনি।

গোফফার মিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।