কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। কার্যক্রম শুরুর পরবর্তী আট ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া রাত ৯টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলেও জানান তিনি।

পরিচ্ছন্ন নগরী বজায় রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতে ডিএসসিসি নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

ডিএসসিসি জানায়, ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঈদের তিন দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।