ফেসবুক লাইভে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করে র‍্যাব।

সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশ নেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে গত রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ফেসবুকে লাইভে হাতে দেশীয় অস্ত্র নিয়ে সাকিবকে হত্যার হুমকি ও গালিগালাজ করে ওই যুব্ক। ওই ভিডিও নিমিষেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মহসিনকে আসামি করে একটি মামলা হয়।

র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, আজ সকাল ১১টার দিকে তাকে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে মহসিনকে গ্রেফতার করা হয়। তাকে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে।

র‌্যাব জানিয়েছে, অভিযুক্ত মহসিন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

এদিকে একদিনের সফরে সড়কপথে ভারতে গিয়ে গেল শুক্রবারই ফিরে এসেছেন। কলকাতায় কালিপূজার অনুষ্ঠানে অংশ নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে লাইভে এসে ক্ষমা চান সাকিব।