বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সময় আওয়ামী সরকার এতোটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে, নরসিংদীতে সচল দুটি সার-কারখানা ভেঙে একটি করেছে। যেটি তৈরি করতে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতির জন্যই তারা নতুন সার-কারখানা তৈরির প্রকল্প গ্রহণ করে চালু থাকা দুটি কারখানা ভেঙে ফেলেছে।
রোববার (১২ অক্টোবর) বিকালে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমবাশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল মঈন খান বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা কারখানাটি উৎপাদনে না এনে অন্য সার-কারখানা থেকে সার এনে কারখানাটির উদ্বোধন দেখিয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে সত্যিকারার্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না। যে বৈষম্য দূর করতে হাজার হাজার ছাত্রজনতা জীবন দিয়েছিল, সেই বৈষম্য দূর করতে হবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসতে পারলে বৈষম্য দূর করে দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা ও ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।










