দেশের উপকূলীয় এলাকার নিরাপত্তা ও জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড এখন আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোস্ট গার্ড সদস্যরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, মানব পাচার ও অবৈধ মৎস্য আহরণ রোধে কার্যকর ভূমিকা রাখছে।
আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে সংস্থাটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোস্ট গার্ডের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্থাটির আধুনিকায়নে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে আর্মারড (বুলেটপ্রুফ) হাই-স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ নজরদারি ড্রোন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে হেলিকপ্টার ও রেসকিউ ড্রোন সংযোজনের পরিকল্পনা নেয়া হয়েছে।
কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বাহিনীতে ১৭৯টি আধুনিক ও দ্রুতগামী জলযান যুক্ত হয়েছে। তাছাড়া বাহিনীর জন্য বাসস্থান, ব্যারাক ও প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। গভীর সমুদ্রে সংযোগ বাড়াতে ভিস্যাটনেট প্রযুক্তি সংযোজন করা হয়েছে।
কোস্ট গার্ড বহরে নতুন ইনশোর প্যাট্রল ভেসেল, ফ্লোটিং ক্রেন, টাগ বোট ও বিভিন্ন ধরনের হাই-স্পিড বোট সংযোজন করা হয়েছে। এছাড়া পুরনো ৯টি জাহাজ প্রতিস্থাপনের জন্য দেশীয় শিপইয়ার্ডে নতুন ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। এই জাহাজগুলো যুক্ত হলে বাহিনীর সক্ষমতা আরো বাড়বে বলে জানান উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্ট গার্ড জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি মৎস্যজীবী ও নৌযান মালিকদের সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কোস্ট গার্ড অসাধারণ ভূমিকা রেখেছে। এই বাহিনী এখন জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে টেকসই অবদান রাখছে।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। এছাড়া কর্মদক্ষতা ও বিশেষ অবদানের জন্য বাহিনীর ৪০ জন সদস্যকে পদক প্রদান করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরে সংস্থাটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস উদযাপন
অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
কোস্ট গার্ড সদস্যদের উদ্দেশে উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব, সমুদ্র নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি পুরস্কারপ্রাপ্ত সদস্যদের শুভেচ্ছাও জানান।










