ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও তিনি জনগণের পাশে আছেন।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং জুলাই-আগস্টে ফ্যাসিবাদীদের দমন-পীড়ন ও গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, দেশ এখন এক সংকটময় সময় অতিক্রম করছে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা— রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করা।
তিনি বিএনপির নেতাকর্মীর উদ্দেশে বলেন, এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনের সংগ্রাম ও আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা প্রয়োজন— ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।‘










