সিরাজগঞ্জের এনায়েতপুর মাজার শরীফে আসার পথে নৌকা থেকে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মৃতরা হলেন—জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। তাদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে। অন্য নিখোঁজদের সন্ধান রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলেনি। নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জের খুড়মা মধ্যপাড়ার তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)। মৃত ও নিখোঁজ সবাই এনায়েতপুর মাজার শরীফের ভক্ত।

এনায়েতপুর থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা গতকাল সন্ধ্যায় খবরটি নিশ্চিত করে জানান, এনায়েতপুর মাজার মাজার শরীফের ২০২২ সালের বার্ষিক ওরস উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা বাঁশ নৌকা করে নদীপথে দরবারে আসছিলেন ভক্তরা। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে এনায়েতপুর স্পারবাঁধসংলগ্ন যমুনা নদীতে আসামাত্রই প্রবল স্রোতে নৌকা কাত হয়ে যায়। এ সময় নৌকা থেকে বেশ ক’জন ভক্ত বাঁশসহ নদীতে পড়ে যান। অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন সাতজন। পরে এলাকার লোকজন সন্ধ্যার দিকে তাদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।