সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামায়াতিকরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ‘জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায়’ বিশেষ দোয়া ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ দল দখল করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে জামায়াতিকরণ করা হয়েছে, এটা ভয়ংকর বিষয়। আমাদের সমর্থিত লোকজন যেমনিভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনিভাবে এখনো বঞ্চিত হচ্ছে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. হানিফের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।