নভেল করোনাভাইরাসের প্রভাব ঠেকানো ও খুলনা অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুলনায় গভীর রাতে হেলিকপ্টারে আসল ৫০০ পিপিই।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘ঢাকার সিএমএসডি থেকে জরুরি ভিত্তিতে রাতে হেলিকপ্টারে করে ৫০০ পিপিই পাঠানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ এ পিপিই পাঠিয়েছেন। হেলিকপ্টারটি খুলনার বিএনএসবিতে এসে পৌঁছায়।’
মেহেদী নেওয়া নিজেই পিপিইগুলো গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘খুলনা মেডিকেল এ বর্তমানে ৪২০০টি পিপিই মজুদ আছে। এই মুহূর্তে আমাদের তেমন কোনো ঘাটতি নাই। খুলনায় করোনার জন্য নির্ধারিত হাসপাতাল একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে খুলনায় দশটি আইসিইউ বেডসহ ১০০টি বেড প্রস্তুত আছে।’
খুলনা মেডিকেল কলেজে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তে স্যাম্পল পরীক্ষা। এ অবস্থায় শুক্রবার রাত ১০টায় খুমেকের চিকিৎসকদের জন্য জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর মাধ্যমে হেলিকপ্টারে করে ৫০০ পিপিই পাঠানো হয় ঢাকা থেকে। খুলনার বিএনএসবিতে নেমে বিমান বাহিনীর সদস্যরা খুমেক কর্তৃপক্ষের নিকট সেই পিপিই হস্তান্তর করে। বিমান বাহিনীর সদস্যদের কাছ থেকে পিপিই গ্রহণ করা হয়।










