খুলনার দাকোপ উপজেলার বাজুয়ায় লাইব্রেরি মাঠে গরু চরানোকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে ছুরিকাঘাতে ও গণপিটুনিতে ২ যুবক নিহত হয়েছেন।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, গতকাল সোমবার বাজুয়া লাইব্রেরি চত্বরে গরু চড়াচ্ছিলেন ইমনের বাবা বাদল হোসেন। কিন্তু তাকে গরু চড়াতে নিষেধ করেন নিল উৎপল ও তার বাবা লাইব্রেরিয়ান সুকুমার রফতান। এর জের ধরে আজ সকালে সালিশের নামে নিল উৎপলকে বাড়ি থেকে ডেকে এনে ছুরি দিয়ে আঘাত করে ইমন। এরপর স্থানীয় লোকজন ইমনকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। আর নিল উৎপলকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নিল উৎপলকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে ক্ষুব্ধ জনতা ইমনকে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ইমনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার ইমনকেও মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুল ইসলাম বলেন, প্রথমে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় নিলকে এখানে মৃত অবস্থায় আনা হয়। এর পর ইমনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকেও পরীক্ষা করে মৃত পাওয়া যায়।