দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার ধামরাইয়ে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে সংঘটিত এসব দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—
ধামরাই: গতকাল সন্ধ্যায় উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই চালক জুয়েল নিহত হন। গুরুতর আহত অবস্থায় জাকারিয়া ও আঁখি আক্তারকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আঁখি আক্তারের বাবা আবুল হোসেন জানান, অটোরিকশায় চালকসহ সাতজন ছিলেন। তবে ছয় বছরের শিশু সাদিয়া অক্ষত রয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি সম্পন্ন হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া: জেলার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশা চালকসহ আরো ৪ যাত্রী আহত হন।
চুয়াডাঙ্গা: জীবননগর-দত্তনগর সড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ নেছা নামের এক নারী নিহত হন। এ ঘটনায় তার ছেলেসহ আরো ছয়জন আহত হন।










