নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় নামে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে টানবাজারে সাহাপাড়ায় অবস্থিত শংকর সাহার মালিকানাধীন ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ও ফ্ল্যাটের গৃহকর্মী। খবর পেয়ে সিআইডি ক্রাইম সিন, পিবিআই-এর সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের মোটিভ খুঁজে বের করতে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ কাজ করছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে একাই ছিলেন উৎপল রায়। রাত নয়টার দিকে ওই ফ্ল্যাট থেকে গৃহকর্মীকে বাইরে বেড়িয়ে যেতে দেখা যায়। পরে নিহতের ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় তিনি প্রতিবেশীদের ডেকে দরজার তালা ভেঙে ভেতরে গিয়ে তার পিতা উৎপল রায়ের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুষ্কৃতকারীরা ওই ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণের অলংকারসহ টাকা নিয়ে গেছে। ঘটনার পর থেকে পলাতক ফ্ল্যাটের গৃহকর্মী ও বাড়ির নিরাপত্তা প্রহরী।
পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশে পরিকল্পিত ভাবে তাকে হত্যার পর পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। হত্যাকাণ্ডে জড়িতদের আটকসহ ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ।










