বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে সুইজারল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে দেশের বন্দর কার্যক্রম এবং কন্টেইনার হ্যান্ডলিং আধুনিকায়নে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের যুবসমাজ এবং উন্নয়নের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে আরো গভীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সুইজারল্যান্ড অ্যাম্বেসির কাউন্সিলর আলবার্তো জিওভানিত্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক উপস্থিত ছিলেন।