চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়েছে। গতকাল দুপুরে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হয়। এর আগে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।’
গত বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সরোয়ার হোসেন বাবলা নামে একজন নিহত হন ও আরেকজন আহত হন।









