দেশের আকাশে আজ সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে, আগামীকাল থেকে শুরু হচ্ছে মহররম মাস ও হিজরি ১৪৪৮ এবং ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।
ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব ফজলুর রহমান।
অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।
আশুরার দিন দেশে সরকারি ছুটি থাকে এবং শিয়ারা বিশেষভাবে দিনটি পালন করে।










