ঝিনাইদহ সদর উপজেলায় একটি পোলট্রি মুরগির খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের ভোজঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
খামারের মালিক কাজী ওলিয়ার রহমান জানান, শুক্রবার রাতে তিনি ঘরে শুয়ে ছিলেন। রাত ১২টার দিকে মুরগির খামারে আগুন দেখতে পেয়ে তিনি চিত্কার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে তিনি গতকাল সকালে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ওলিয়ার রহমান বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য দুর্বৃত্তরা খামারে আগুন দিয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, খামারে অগ্নিসংযোগের একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।











