আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে ও নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী।
গতকাল রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
এর মধ্যে নাহিদ ইসলামকে দেয়া চিঠিতে ইসি বলেছে, আপনি মো. নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কর্তৃক মনোনীত ঢাকা-১১ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-১১ উল্লেখ করে “দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন” স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী। আগামী ১৯ জানুয়ারি (আজ) সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।
নাসীরুদ্দীন পাটওয়ারীকেও আজ সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে।
এনসিপির দুই নেতাকে দেয়া চিঠিতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে আজ সকাল ১১টার মধ্যে নিজে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত জবাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।










