রাজশাহীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনের আগে ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধানসহ শীর্ষ কয়েকজনের বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে। মার্চে তদন্ত প্রক্রিয়া শেষে এপ্রিলে বিচার প্রক্রিয়া শুরু হবে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশাল যোগদান করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘মার্চ মাসের মধ্যে আমরা বেশ কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট পেয়ে যাবো। তদন্ত রিপোর্ট হাতে আসার পরই আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়ে যাবে। সুতরাং এপ্রিল বা মে মাস থেকে বিচারের ফুল সুয়িং অর্থাৎ সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে যাবে। আমরা আশ্বস্ত করতে চাই জাতিকে, আগামী ডিসেম্বরের আগে বেশ কয়েকটি মামলার বিচারকার্য শেষ করা সম্ভব বলে আমরা আশা প্রকাশ করছি। সুতরাং দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি।’

চিফ প্রসিকিউটর আরো বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলার বিচারের রায় হয়ে গেলে,পতিত সরকারের নেতাদের লাফালাফি ও দাম্ভিকতা বন্ধ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’

এ কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিডিউটর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসনের অংশ নেন।