বিজ্ঞানের এ যুগে সারা বিশ্বের মানুষের সঙ্গে একসঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কিনা, এ বিষয়ে দেশের ওলামা-মাশায়েখদের চিন্তা করার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ মার্চ) রাজধানীর ইস্কাটনে অবস্থিত লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পবিত্র রমজান মাসের প্রথম দিনে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে ফার্মগেট ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় ৭০-৮০ জন এতিম শিশু ও ছাত্র-ছাত্রী অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, একজন মুসলমান হিসেবে একটি প্রশ্নই আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে একসঙ্গে পালন করে। এখানে উপস্থিত ওলামা-মাশায়েখদের অনুরোধ করব, সারা দেশে আরো ওলামা-মাশায়েখ যারা আছেন, সবাই মিলে চিন্তা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারবে। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় বের করা যায় কিনা, এ বিষয়টি আপনাদেরকে চিন্তা করার জন্য অনুরোধ করব।

তিনি বলেন, রমজান আমাদেরকে শেখায় সংযমী হতে। কীভাবে ধৈর্যশীল হতে হবে। কীভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আল্লাহর যা যা সৃষ্টি আছে, সব কিছুর পাশে আমাদেরকে দাঁড়ানোর শিক্ষা দেয়। রমজান আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর সৃষ্টিকে যত্ন নিতে।