কোনো অশুভ শক্তিই এ সরকারকে রক্ষা করতে পারবে না বলে
মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘দেশ বাঁচাতে,
মানুষ বাঁচাতে তরুণ সমাজ আজ জেগে উঠেছে। তারুণ্যের যে রোডমার্চ শুরু হয়েছে তা সরকারপতনের
মধ্য দিয়ে শেষ হবে।’
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট অভিমুখে
তারুণ্যের রোডমার্চে যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে নেতকর্মীদের উদ্দেশে
তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের ‘পদত্যাগের এক দফা’ দাবিতে আজ সকালে
কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে রোডমার্চ শুরু হয়। এ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও
মৌলভীবাজার হয়ে সিলেট গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য
গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
কর্মসূচিকে স্বাগত জানাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল বিশ্বরোডের মোড় ও কুট্টাপাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী জড়ো হন।
রোডমার্চ ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় এসে পৌঁছালে দলের কেন্দ্রীয়
অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা
বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম
খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম ও যুবদলের কেন্দ্রীয় নেতা এসএন
তরুণসহ অন্যান্য নেতারা।










