নারায়ণগঞ্জের আড়াইহাজার কোরবানির হাট থেকে ছুটে যাওয়া একটি মহিষ ধরতে পুলিশের ছোড়া গুলিতে মো. শান্ত (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সকাল পর্যন্ত মহিষটি ধরা যায়নি। গুলিবিদ্ধ শান্ত উপজেলার দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় পশুর হাটে বিক্রির জন্য নিয়ে আসা একটি মহিষ ঈদের আগের রাতে বাঁধন ছিঁড়ে পালিয়ে যায়। পালানোর সময় মহিষটি অন্তত দুজনকে আহত করে। তখন থেকে মহিষের মালিক ও গ্রামবাসী মিলে ধরার চেষ্টা করেন। শুক্রবার বিকালে মহিষটি বেপরোয়াভাবে ছোটাছুটি করতে থাকে। পরে স্থানীয়রা ওই এলাকায় টহলে থাকা আড়াইহাজার থানার এসআই শহিদুল ইসলামকে বিষয়টি জানান। শহিদুল তার টহল দল নিয়ে মহিষটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি মহিষটিকে উদ্দেশ করে গুলি ছোড়েন। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিষের পেছনে থাকা স্থানীয় যুবক মো. শান্তর গায়ে লাগে।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।









