লক্ষ্মীপুরে মায়ের নানাবাড়ি বেড়াতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ইসরাত জাহান ইমু নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে পৌর শহরের আদিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত শিশু ইমু স্থানীয় বাসিন্দা মো. ইসমাইল হোসেনের কন্যা ও অদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদিলপুর গ্রামের তিনা গাজী বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে শিশু ইমু। সকালে শিশুটি ও তার মা, মামি, নানীসহ বাড়ির উঠানে বসেছিল। এ সময় পাশে ইমুর মামাদের একটি কড়ই গাছ কাটছিল শ্রমিকরা। তারা গাছের ডালপালা না কেটে সরাসরি গাছ কেটে দেন। এ সময় গাছটি তাদের ওপর পড়লে ইমুসহ আহত হয় তিনজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু ইমুকে মৃত ঘোষণা করেন।










