সিলেট নগরীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকার ৪নং রোডে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ অভিযোগে আজ সোমবার সিলেট কতোয়ালি থানায় মামলা করেন ওই গৃহবধূ। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতোয়ালী থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক দিলোয়ার (৪০) ও তার সহযোগী হারুন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। আরেক সহযোগী জামাল মিয়া এখনও পলাতক। মামলায় এই তিনজন ছাড়াও অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআই রেজাউল জানান, শামীমাবাদ এলাকার বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। শনিবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে তাকে ধর্ষণ করে। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জোর্তিময় সরকার বলেন, ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রবাসে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গ্রেফতার ছাত্রলীগের ৮ নেতাকর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।