স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিতে প্রশাসন, পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করছে। তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করারও আহ্বান জানান।

ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। আজ বুধবার তার নির্বাচনী এলাকা কক্সবাজার-১ আসনের জনগণসহ দেশের সব নাগরিকের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। একইসঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।

তিনি বলেন, সমাজের সব শ্রেণী-পেশার মানুষ ঈদের আনন্দে সমভাবে অংশ নিতে পারলেই এ উৎসবের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। এ উপলক্ষে তিনি বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরো বলেন, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।