কক্সবাজারের টেকনাফে সাড়ে ২৪ কোটি টাকা মূল্যমানের এক লাখ পিস ইয়াবা ও ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।
গতকাল বিজিবি সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে পাঁচ ব্যক্তিকে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। পরে বস্তাটি তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।
আটক নুর মোহাম্মদের দেয়া তথ্যমতে, হ্নীলা বিওপির উত্তরে শ্মশান ঘাট এলাকায় তল্লাশি অভিযানে যায় টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি টিম। এ সময় বেড়িবাঁধের পাশে একটি ছাপড়া ঘরে বিশেষভাবে লুকানো প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। পরে ওই বস্তা তল্লাশি করে ৪ কেজি ৩১৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।










