পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য জহিরুল ইসলাম মিরনকে এলোপাতাড়ি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার দুই হাত, মাথা ও বুকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখাে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে মিরনকে ঢাকায় পাঠানো হয়।

সাংবাদিক জহিরুল ইসলাম মিরন বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি তিনি কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছান। গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশে রওয়ানা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।