ঝিনাইদহে চালককে খুন করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোররাতে ঝিনাইদহ, কালীগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো কালীগঞ্জের পীরগোপাল গ্রামের তানভীরুল ইসলাম নাইম, কাশিপুর গ্রামের জাকির হোসেন, সদর উপজেলার চান্দেরপোল গ্রামের শামমি হোসেন, একই গ্রামের রাশেদ আলী, মাগুরার শালিখা উপজেলার ছান্দাড়া গ্রামের বাপ্পি হোসেন ও একই উপজেলার কাতলী গ্রামের ইউনুছ আলীর ছেলে সাগর মোল্লা ওরফে সৈকত।

এ ব্যাপারে গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, ১২ অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ইকরামুল ইসলামের ইজিবাইক ভাড়া নেয় আসামিরা। পরে তাকে কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের ধানক্ষেতের মধ্যে গলাকেটে হত্যা করে। হত্যার পর তারা ইজিবাইকটি নিয়ে চলে যায়। হত্যাকাণ্ডের আটদিন পর ২০ অক্টোবর ইকরামুলের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই রবিউল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দুপুরে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।