ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে হাসান (২৬) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার দারু মিয়ার ছেলে।
হাসানের চাচাতো ভাই আরিফ জানান, হাসান বিভিন্ন সময় সীমান্তের ওপার থেকে চিনি আনত। গতকাল সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, বিএসএফের গুলিতে এক যুবক মারা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, বিএসএফের গুলিতে নিহত যুবক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার শরীরে একটি গুলি বিদ্ধ হয়েছে।









