নারায়ণগঞ্জের বন্দরে একটি ৫তলা বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়ির নিচতলায় ফ্ল্যাটের দুই শিশুসহ পাশের বাড়ির অন্তঃসত্ত্বা এক নারী মারা গেছেন। আজ শুক্রবার ভোর ৬টায় বন্দরের দিঘীরপাড় মোল্লাবাড়ি এলাকায় রাবেয়া মঞ্জিলের নিচ তলার ফ্ল্যাটে সেফটি ট্যাংকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশেপাশের চারটি ভবনের বাড়ির দেয়াল ও বিভিন্ন কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বন্দরের দিঘিরপাড় ৪৬১/১ উইলসন কবরস্থান রোড এলাকার এলাকায় রফিকুল ইসলাম হাসানের মোল্লা ৫ তলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটে বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এতে নিচতলার ফ্ল্যাটের ভাড়াটিয়া খোরশেদ আলমের দুই ছেলে মাসনূন (১৩) ও জিসান ( ৮) ঘটনাস্থলেই নিহত হয়। বিস্ফোরণে পাশের বাড়ির রতন মিয়ার চারতলা ভবনের চার তলা ভবনের দেয়াল ধসে পড়ে একটি টিনশেড ভবনের উপর পড়ে। টিনসেড ভবনের দেয়াল চাপা পড়ে লাবনী আক্তার নামের আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত লাবনীর স্বামীর নাম কবির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের পর ভাড়াটিয়া খোরশেদ আলমের স্ত্রী ও তার স্বজনরা বাইরে বেরিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে খোরশেদ আলমের দুই ছেলে মাসুনূন ও জিসানের মরদেহ উদ্ধার করে।
নিহতের মা রুনা আক্তার জানান, সেহরি খেয়ে তার দুই ছেলে সেপটিক ট্যাংক যে কক্ষের নিচে সেই কক্ষে ঘুমায়। ভোর ৬টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে দেখেন বিস্ফোরণে ফ্ল্যাটের চারটি কক্ষ ভেঙে চুরে তছনছ হয়ে গেছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণে যে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ভবনে বসবাসকারী লোকজনকে অন্যত্র সরিয়ে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিস্ফোরণে আরো ৫ জন আহত হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেন কি কারণে সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলো দেখা হচ্ছে।
তিনি বলেন, ভবন নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা সিটি কর্পোরেশনের প্রকৌশলী পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিলে ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জিন্নাত আলী খান জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন ভবন নির্মাণে ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।










